স্থানীয় নির্বাচন বিলম্বে বাড়ছে জনদুর্ভোগ: হামিদুর রহমান

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ১০:৪৫ এএম
স্থানীয় নির্বাচন বিলম্বে বাড়ছে জনদুর্ভোগ: হামিদুর রহমান

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত না হওয়ায় জনগণ নানা ধরনের দুর্ভোগের শিকার হচ্ছে। দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্বে ফিরিয়ে আনার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।


শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মানবসম্পদ বিভাগের উদ্যোগে আয়োজিত ‘স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ-২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্থানীয় নির্বাচন সামনে রেখে মাস্টার ট্রেইনারদের দক্ষতা ও প্রস্তুতি বাড়াতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।


হামিদুর রহমান আযাদ বলেন, সংবিধানের ১১, ৫৯ ও ৬০ অনুচ্ছেদে স্থানীয় সরকার ও নির্বাচিত জনপ্রতিনিধিত্বের গুরুত্ব তুলে ধরা হয়েছে। কিন্তু নির্বাচিত প্রতিনিধিদের পরিবর্তে বিভিন্ন স্থানে প্রশাসক নিয়োগের ফলে স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে।


তিনি বলেন, স্থানীয় নির্বাচন যত বিলম্বিত হবে, জনগণের ভোগান্তি তত বাড়বে এবং স্থানীয় সরকার ব্যবস্থার সক্ষমতা কমবে। তাই জনস্বার্থে দ্রুত নির্বাচন আয়োজন করা জরুরি।


জামায়াতের এ নেতা আরও বলেন, স্থানীয় নির্বাচনে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে জাতীয় নির্বাচনেও কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে। এ লক্ষ্যেই স্থানীয় পর্যায়ে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।


প্রশিক্ষণে অংশ নেওয়া মাস্টার ট্রেইনারদের মাঠপর্যায়ে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জনসম্পৃক্ততা ও সাংগঠনিক সক্ষমতা বাড়াতে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।


অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্ট দায়িত্বশীল, কোর ট্রেইনার ও মাস্টার ট্রেইনাররা অংশ নেন।




এমকে/বিএম২৪