৮০-এর দশকের লুকে সোশ্যাল মিডিয়া মাত, যেভাবে বানাবেন ছবি

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পিএম
৮০-এর দশকের লুকে সোশ্যাল মিডিয়া মাত, যেভাবে বানাবেন ছবি

সূত্রঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক


কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে নস্টালজিক এক ট্রেন্ড। বর্তমানের সাধারণ ছবিকে আশির দশকের পুরোনো ছবির আদলে রূপ দিচ্ছেন ব্যবহারকারীরা। শুধু ফিল্টার নয়, ছবির পোশাক, চুলের ধরন, ব্যাকগ্রাউন্ড, পরিবেশ ও টেক্সচারও বদলে দেওয়া হচ্ছে এআইয়ের মাধ্যমে।


ইনস্টাগ্রামের ‘অ্যাড ইউরস’ স্টিকারের মাধ্যমে এই ট্রেন্ড দ্রুত ছড়িয়ে পড়েছে। অনেকেই জানতে চাইছেন, প্রায় চার দশক আগে ছবিটি তোলা হলে দেখতে কেমন লাগত। ফলে আধুনিক ছবি হয়ে উঠছে পুরোনো পারিবারিক অ্যালবাম, বাংলা সিনেমার গ্ল্যামারাস পোর্ট্রেট কিংবা পুরোনো ম্যাগাজিনের প্রচ্ছদের মতো।


বাংলাদেশি ঘরানার ছবিতে নারীদের রঙিন শাড়ি, ভলিউম করা চুল ও স্টেটমেন্ট জুয়েলারি দেখা যাচ্ছে। পুরুষদের ক্ষেত্রে আশির দশকের ঢিলেঢালা বা ফিটিং শার্ট, হাই-ওয়েস্টেড প্যান্ট এবং গোঁফের মতো বৈশিষ্ট্য যোগ করা হচ্ছে।


যেভাবে তৈরি করবেন


প্রথমে একটি পরিষ্কার সেলফি বা পোর্ট্রেট ছবি চ্যাটজিপিটিতে আপলোড করতে হবে। এরপর কাঙ্ক্ষিত স্টাইল উল্লেখ করে নির্দেশনা দিতে হবে। যেমন—


‘ছবিটিকে ১৯৮০-এর দশকের একটি বাস্তবসম্মত পোর্ট্রেটে রূপান্তর করুন। ব্যক্তির মুখের বৈশিষ্ট্য, পরিচয়, বয়স ও স্বাভাবিক অভিব্যক্তি অপরিবর্তিত রাখুন। ৮০-এর দশকের উপযোগী চুলের স্টাইল, পোশাক ও মেকআপ দিন। পেছনে রাখুন পুরোনো স্টুডিওর আবহ। ছবিতে ৩৫ মিমি ফিল্মের দানা, উষ্ণ রঙ, নরম ফ্ল্যাশ, স্বাভাবিক ছায়া ও বাস্তবসম্মত ত্বকের টেক্সচার যোগ করুন। ছবিটি যেন ভিনটেজ ফিল্টার দেওয়া আধুনিক ছবি না হয়ে সত্যিই ১৯৮০-এর দশকে তোলা একটি ছবি মনে হয়। কোনো লেখা, ওয়াটারমার্ক বা আধুনিক উপাদান রাখবেন না।’


প্রথমবারের ফল পছন্দ না হলে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনের মাধ্যমে ছবিতে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনা যায়। আরও বাস্তবসম্মত ফল পেতে আশির দশকের নির্দিষ্ট পোশাক, চুলের ধরন কিংবা স্থান উল্লেখ করা যেতে পারে।


বাংলাদেশি আবহ ফুটিয়ে তুলতে পুরোনো ঢাকার রাস্তা, সে সময়ের স্টুডিও, স্থানীয় ফ্যাশন বা আশির দশকের শহুরে পরিবেশের কথা প্রম্পটে যোগ করা যেতে পারে।


তবে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের আগে এআইয়ের তৈরি হাত, আঙুল, মুখের সূক্ষ্ম বৈশিষ্ট্য কিংবা ব্যাকগ্রাউন্ডের লেখায় কোনো অসংগতি আছে কি না, তা দেখে নেওয়া জরুরি।


একটি ছবি ও সঠিক নির্দেশনার মাধ্যমে বর্তমানের একটি মুহূর্তকে এখন সহজেই চার দশক আগের স্মৃতির মতো করে তোলা যাচ্ছে। আর এ কারণেই এআইনির্ভর এই নস্টালজিক ট্রেন্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।



এমকে/বিএম২৪