রামেকে ডেঙ্গুতে কলেজ শিক্ষার্থী জিৎ সরকারের মৃত্যু, চিকিৎসাধীন ৬৪
সূত্রঃ সংগৃহীত
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে জিৎ সরকার (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি নাটোরের বনপাড়া এলাকার বাসিন্দা। গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রামেক হাসপাতালে ভর্তি হওয়ার পর পরদিন ৯ সেপ্টেম্বর সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
হাসপাতালের ডেঙ্গু সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ২৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। নতুন ভর্তি ও ছাড়পত্রের পর বর্তমানে রামেক হাসপাতালে ৬৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, জিৎ সরকার ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি হন। পরদিন সকাল ৯টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে।
রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এমকে/বিএম২৪








