অষ্টগ্রামে কৃষক কার্ডের তালিকায় ২,৯৩৯ কৃষক, চলছে নতুনদের অন্তর্ভুক্তির কার্যক্রম
সূত্রঃ সংগৃহীত
এ আর সুমন,অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় সরকারের কৃষক কার্ড বাস্তবায়নের লক্ষ্যে কৃষকদের তালিকা প্রণয়ন ও তথ্য সংগ্রহের কার্যক্রম এগিয়ে চলছে।
এ পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ২ হাজার ৯৩৯ জন কৃষকের নাম তালিকাভুক্ত করা হয়েছে। একই সঙ্গে বাদ পড়া ও নতুন কৃষকদের তালিকায় অন্তর্ভুক্ত করতে কার্যক্রম অব্যাহত রয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সরকারের কৃষক কার্ড বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষকদের তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও তালিকা প্রণয়নের কাজ চলছে। এর মাধ্যমে প্রকৃত কৃষকদের একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
অষ্টগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি অফিসের কর্মকর্তারা মাঠপর্যায়ে এ কার্যক্রম বাস্তবায়নে কাজ করছেন। কৃষকদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পাশাপাশি তালিকায় বাদ পড়া কৃষকদেরও পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
অষ্টগ্রাম উপজেলা কৃষি অফিসার অভিজিৎ সরকার জানান, সরকারের কৃষক কার্ড বাস্তবায়নের লক্ষ্যে কৃষকদের তালিকা প্রণয়ন ও তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে।
তিনি বলেন, এখন পর্যন্ত ২ হাজার ৯৩৯ জন কৃষকের নাম তালিকাভুক্ত হয়েছে। পর্যায়ক্রমে আরও কৃষকের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
এমকে/বিএম২৪









