ইবি বিএনসিসি নৌ প্লাটুনের নতুন পিইউও প্রভাষক ফাহাদ হোসেন
সূত্রঃ সংগৃহীত
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) নৌ প্লাটুনের নতুন প্লাটুন কমান্ডার (পিইউও) হিসেবে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মো. ফাহাদ হোসেনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) খুলনা ফ্লোটিলা কমান্ডার লেফটেন্যান্ট বি এন মো. রাকিব স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
পত্রে বলা হয়েছে, ইবি বিএনসিসি নৌ প্লাটুনের কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গত ২০ আগস্ট জারি করা এক পত্রে পিইউও নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়। পরে ৭ সেপ্টেম্বর থেকে এ নিয়োগ কার্যকর করা হয়েছে। এতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মো. ফাহাদ হোসেনকে অস্থায়ীভাবে প্লাটুন কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে তাঁর স্থায়ী নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নবনিযুক্ত পিইউও প্রভাষক মো. ফাহাদ হোসেন বলেন, ‘বিএনসিসি একটি স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতেও এই সংগঠনটি ইসলামী বিশ্ববিদ্যালয়সহ সব জায়গায় স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণ করবে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মান অক্ষুণ্ন রাখবে। এই কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করছি।’
এমকে/বিডিমেইল২৪









