উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে লক্ষাধিক টাকার অবৈধ জাল জব্দ
উজিরপুর প্রতিনিধি
বরিশালের উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার সন্ধ্যা নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন।
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ এবং ইলিশের প্রধান প্রজনন মৌসুম বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার প্রতিরোধে নদীতে অভিযান পরিচালনা করে মাছ ধরার লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার এবং উজিরপুর মডেল থানা পুলিশের একটি দল।
এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন সন্ধ্যা নদীর তীরবর্তী বিভিন্ন বাজারেও অভিযান পরিচালনা করেন।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞা চলাকালে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।









