কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে
সূত্রঃ সংগৃহীত
জেলা প্রতিনিধি
কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) মর্মান্তিক ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শনিবার (২২ আগস্ট) সকালে ও বিকেলে পৃথক সীমান্ত দিয়ে মরদেহগুলো বাংলাদেশে আনা হয়। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত সাত বাংলাদেশির মধ্যে সাতক্ষীরার এস এম আলীমুজ্জামানের মরদেহ সকালে ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে দেশে আনা হয়। পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়া কুষ্টিয়ার দেবাশীষ দত্ত, তার পরিবারের তিন সদস্য আফসানা শারমিন, শর্ণশিষ দত্ত ও মো. আকরাম আলী এবং ঢাকার আমিনবাজারের বাবু আহমেদের মরদেহ পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বিকেলে বাংলাদেশে আনা হয়।
কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন জানিয়েছে, দুর্ঘটনার পর থেকেই স্থানীয় কর্তৃপক্ষ এবং নিহতদের পরিবার ও স্বজনদের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে ফেরানোর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। স্থানীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর শুক্রবার রাতে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
মরদেহ সংরক্ষণ, পরিবহন ও দেশে ফেরত পাঠানোর পুরো প্রক্রিয়ায় পরিবারগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দিয়েছে বাংলাদেশ উপ-হাইকমিশন।
অন্যদিকে নিহত সাতজনের মধ্যে সাতক্ষীরার রেপতি সরকারের মরদেহ পরিবারের ইচ্ছা অনুযায়ী শুক্রবার রাতে কলকাতাতেই সৎকার করা হয়েছে। এ ক্ষেত্রেও বাংলাদেশ উপ-হাইকমিশন আর্থিকসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করেছে।
এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এমকে/বিএম২৪








