চবি লেখক ফোরামের নেতৃত্বে ইরিন-আজিজ

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ এএম
চবি লেখক ফোরামের নেতৃত্বে ইরিন-আজিজ

সূত্রঃ ফাইল ছবি

আহমেদ মুনহা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি


বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার (চবি লেখক ফোরাম) ৭ম কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। 


সভাপতি হয়েছেন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কারিশমা ইরিন এ্যামি এবং সাধারণ সম্পাদক সমাজতত্ত্ব  বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজিজ ওয়েসি।


সোমবার (৭ সেপ্টেম্বর)  কেন্দ্রীয় সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক চবি শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের জন্য সভাপতি পদে কারিশমা ইরিন এবং সাধারণ সম্পাদক পদে আজিজ ওয়েসিকে মনোনীত করা হলো।


বিজ্ঞপ্তিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর পাঠাতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করা হয়।


সভাপতি কারিশমা ইরিন বলেন, “প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক সৃজনশীল ও সৃষ্টিশীল লেখক তৈরি করেছে। আমি আশা করি, এই ধারাবাহিকতা আরও এগিয়ে নিতে এবং শিক্ষার্থীদের লেখালেখির সঙ্গে সম্পৃক্ত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারবো, ইনশাআল্লাহ।”


সাধারণ সম্পাদক আজিজ ওয়েসি বলেন, “চবি শিক্ষার্থীদের লেখালেখিতে আগ্রহী করা, সৃজনশীলতা বিকাশ ও মুক্তচিন্তার চর্চাকে আরও বিস্তৃত করতে আমরা কাজ করতে চাই। নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে সংগঠনটিকে আরও সক্রিয় ও সমৃদ্ধ করার চেষ্টা থাকবে, ইনশাআল্লাহ।”


উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালে যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক বিভিন্ন সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।