সুন্দরবন রক্ষায় কোস্ট গার্ডের সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা
সূত্রঃ বিডি মেইল
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
সুন্দরবনের নিরাপত্তা এবং উপকূলীয় নৌপথে অপরাধ দমনে সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো। দস্যুতা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবৈধ আগ্নেয়াস্ত্রের অনুপ্রবেশ বন্ধ এবং বন ও মৎস্য সম্পদ রক্ষায় নজরদারি বাড়ানো হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের আয়োজনে অনুষ্ঠিত সমন্বয় সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় নৌবাহিনী, র্যাব, পুলিশ, জেলা প্রশাসন, মোংলা বন্দর কর্তৃপক্ষ, বন বিভাগ ও মৎস্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এ সময় সুন্দরবন ও উপকূলীয় নৌপথের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে মতবিনিময় হয়।
সভায় সুন্দরবনে যাতায়াতকারী পর্যটকবাহী জাহাজের পাশাপাশি লাইটার ও কোস্টার জাহাজের নিরাপত্তা নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়। নোঙর করা নৌযানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। নিরাপত্তা ঝুঁকি কমাতে নৌযান মালিকদের এ নির্দেশনা মেনে চলার বিষয়টি গুরুত্ব দিয়ে বলা হয়।
মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে মাছ ধরার ওপর চলমান ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মনিটরিং জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়।
অন্যদিকে সুন্দরবনের জীববৈচিত্র্য ও বনজ সম্পদ রক্ষায় বন বিভাগ ও কোস্ট গার্ডের সমন্বিত টহল অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। বন্যপ্রাণী শিকার এবং বনজ সম্পদ পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান পরিচালনার বিষয়েও আলোচনা হয়েছে।
সভায় বিভিন্ন সংস্থার মধ্যে দ্রুত তথ্য আদান-প্রদান এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম আরও জোরদার করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।









