সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে লুট শতাধিক বস্তা

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ এএম
সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে লুট শতাধিক বস্তা

সূত্রঃ সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি


কুড়িগ্রামের রৌমারীতে সার বিতরণে দেরি হওয়ায় ডিলারের গুদামে হামলা চালিয়ে শতাধিক বস্তা সার লুটের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে উপজেলার মহিলা কলেজপাড়া এলাকায় মেসার্স মিতা হাসান এন্টারপ্রাইজের ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, সার সংগ্রহের জন্য রোববার দিবাগত মধ্যরাত থেকে বন্দবেড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডসহ আশপাশের এলাকার কৃষকেরা ডিলার পয়েন্টে জড়ো হতে থাকেন। দীর্ঘ সময় অপেক্ষা করেও ডিলারের দেখা না পাওয়ায় তাঁদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়।


সোমবার সকাল পর্যন্ত সার বিতরণ শুরু না হওয়ায় অপেক্ষমাণ কৃষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত লোকজন ডিলারের গুদামের টিনের বেড়া ভেঙে ভেতরে ঢুকে সারের বস্তা নিয়ে যান।


মেসার্স মিতা হাসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মতিয়ার রহমান বলেন, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সার বিতরণ শুরু করার কথা ছিল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসনের সহযোগিতা নিতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যান। এর মধ্যে ধৈর্যহারা কৃষকেরা গুদাম থেকে আনুমানিক শতাধিক বস্তা ইউরিয়া সার নিয়ে যান। তবে ঠিক কত বস্তা সার লুট হয়েছে, তা এখনই বলা সম্ভব নয়।


রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম বসুনিয়া বলেন, উপজেলায় সারের কোনো সংকট নেই। কৃষকেরা ধৈর্য ধরে সার উত্তোলন করলে কোনো সমস্যা হবে না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঙ্গলবার থেকে খোলাবাজারে সার বিক্রির ব্যবস্থা করা হবে। এতে সার নিয়ে ছড়ানো গুজবও দূর হবে বলে আশা করা হচ্ছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হাসান বলেন, তিনি বিভিন্ন ডিলার পয়েন্টে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন। একটি সার বিক্রয়কেন্দ্রে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। পরে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।