নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পিএম
নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ নেতাকর্মী গ্রেপ্তার

সংগৃহীত

মো. মিজানুর রহমান (সুমন), বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি


নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে মিছিলে ব্যবহৃত ব্যানার ও বেশ কিছু লাঠিসোঁটা জব্দ করা হয়।


সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার একলাশপুর বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রাসেল (২৫), রাকিব (১৯), আব্দুল আলিম (১৯), মো. কামরুল ইসলাম (১৯), মো. জিহান (১৮), নিশান (১৮), মো. সিয়াম (১৮) ও জিসান (১৮)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা একলাশপুর ইউনিয়নের টার্ফসংলগ্ন সড়ক থেকে ঝটিকা মিছিল বের করেন। পরে মিছিলটি মহাসড়কে ওঠার চেষ্টা করে। এ সময় তাঁরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন।


গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে আটজনকে আটক করে। পরে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।


এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার দুদিন পর গত রোববার (২৫ অক্টোবর) নিষিদ্ধ ছাত্রলীগের পলাতক কয়েকজন নেতাকর্মী মিছিলের ১ মিনিট ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন।


বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, মিছিলে ব্যবহৃত ব্যানার ও লাঠিসোঁটা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আটজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক নেতাকর্মীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


এমকে/বিএম২৪