‘বাতিলের পা-চাটা গোলামি করেন’, বায়তুল মোকাররমের খতিবকে ইঙ্গিত করে আমির হামজা
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেককে ইঙ্গিত করে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বক্তা মুফতি আমির হামজা। এক ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি অভিযোগ করেন, অনেকের জ্ঞান থাকলেও তাঁরা সে অনুযায়ী আমল করেন না; বরং ‘বাতিলের পা-চাটা গোলামি’ করেন।
সম্প্রতি নীলফামারী পৌর মসজিদে আয়োজিত এক ওয়াজ মাহফিলে আমির হামজার দেওয়া বক্তব্য ‘জনি ইসলামিক টিভি’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রচার করা হয়। ওই বক্তব্যে তিনি বায়তুল মোকাররমের খতিবকে ইঙ্গিত করে বিভিন্ন মন্তব্য করেন।
বক্তব্যে আমির হামজা বলেন, “এত বড় মসজিদের খতিব শিরক করবেন, এটা মানা যায়? উনি কোন মসজিদের খতিব নন, বায়তুল মোকাররমের। আর আবু জাহেল ছিল কাবা শরিফের সভাপতি।”
তিনি আরও বলেন, কাবা শরিফে এক ওয়াক্ত নামাজ আদায় করলে লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। অথচ সেই মসজিদের সভাপতি ছিলেন আবু জাহেল। এ প্রসঙ্গে তিনি নীলফামারী পৌর মসজিদের সভাপতির বিষয়টিও তুলে ধরেন।
ঈমানকে শিরকমুক্ত রাখা এবং অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করার ওপর গুরুত্বারোপ করে আমির হামজা বলেন, অনেকের জ্ঞান থাকলেও তাঁরা সে অনুযায়ী কাজ করেন না। তাঁর ভাষায়, “বাতিলের পা-চাটা গোলামি করেন। তার সম্মান জীবনেও বাড়বে না।”
তিনি আরও বলেন, কারও সম্মান হয়তো নিজস্ব গণ্ডির মধ্যে বাড়তে পারে। তবে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও খতিব ওবায়দুল হকের মতো সর্বজনবিদিত মর্যাদা অর্জন করা সম্ভব হবে না, যদি কেউ নিজের জ্ঞান অনুযায়ী আমল না করেন।
আমির হামজার এ বক্তব্যে বায়তুল মোকাররমের খতিবকে ইঙ্গিত করে করা মন্তব্য নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে খতিব মুফতি আব্দুল মালেকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এমকে/বিএম২৪








