পাবনায় মান সনদ ছাড়াই ঘি উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা; ধ্বংস ১০০ কেজি ছানা
সংগৃহীত
পাবনা প্রতিনিধি
পাবনার ফরিদপুর উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মান সনদ ছাড়া ঘি উৎপাদন ও বাজারজাত করার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজাল মিশ্রিত, ফ্যাটবিহীন ও অতিরিক্ত ময়দাযুক্ত ১০০ কেজি ছানা নষ্ট করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) উপজেলার ডেমরা এলাকায় বিএসটিআইয়ের পাবনা আঞ্চলিক কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো নবীর ট্রেডার্স ও ভাই ভাই ফুড প্রোডাক্টস। বিএসটিআইয়ের মান সনদ গ্রহণ না করে ঘি উৎপাদন ও বাজারজাত করার দায়ে প্রতিষ্ঠান দুটিকে বিএসটিআই আইন, ২০১৮-এর ২১ ও ২৯ ধারায় পৃথকভাবে ৬০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদপুর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার রকিবুল হাসান রিপন ও পরিদর্শক মো. ইউনুছ আলী। এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মো. আলহাজ উদ্দিন উপস্থিত থেকে সহযোগিতা করেন।
এমকে/বিএম২৪








