বেগমগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ কালু গ্রেপ্তার, জব্দ ১৪ হাজার টাকা
সংগৃহীত
মো. মিজানুর রহমান (সুমন), বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৫৩২ টাকাসহ মো. হোসেন ওরফে কালু (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে নোয়াখালী জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুতুবপুর এলাকায় ফাতেমা অটো রাইস মিলের সামনের পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আনোয়ার হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে কুতুবপুর এলাকার সাহাব উল্লাহ ও মাহবুবা খাতুনের ছেলে মো. হোসেন ওরফে কালুকে আটক করা হয়।
পরে তাঁর শরীর তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ ১৪ হাজার ৫৩২ টাকা জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, জেলায় মাদকের বিস্তার রোধ ও অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এমকে/বিএম২৪









