শ্রীপুর মডেল থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার জসীম উদ্দিন

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পিএম
শ্রীপুর মডেল থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার জসীম উদ্দিন

ছবি: বিডি মেইল

আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি


গাজীপুরের শ্রীপুর মডেল থানা আকস্মিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। শনিবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি থানাটি পরিদর্শন করেন।


পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে তাঁদের অবহিত করেন।


পুলিশ সদস্যদের পেশাদারত্ব, নৈতিকতা ও মূল্যবোধ সমুন্নত রেখে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।


পরে পুলিশ সুপার থানার গুরুত্বপূর্ণ রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং কর্মকর্তা ও সদস্যদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি।


পরিদর্শনের অংশ হিসেবে থানার বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন পুলিশ সুপার। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিনুল ইসলাম, বিপিএম, কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।