সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জয়নালকে আটকের প্রতিবাদে মানববন্ধন, ৪৮ ঘণ্টার আলটিমেটাম
সংগৃহীত
মোঃ কামাল উদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে মুস্কান ড্রিংকিং ওয়াটার কারখানার অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশে বোতলজাতকরণ নিয়ে সংবাদ প্রকাশের পর দৈনিক জনবাণীর উপজেলা প্রতিনিধি সাংবাদিক জয়নাল আবেদীনকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। এ সময় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে অন্যথায় সীতাকুণ্ড থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তাঁরা।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২১ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় অবস্থিত মুস্কান ড্রিংকিং ওয়াটার কারখানা থেকে সাংবাদিক জয়নাল আবেদীনকে আটক করা হয়। কারখানাটির অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশে বোতলজাতকরণ নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে তাঁকে আটক ও পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।
বক্তারা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম, ওসি তদন্ত মোস্তফা এবং উপপরিদর্শক (এসআই) নুর উল্লাহর প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি দাবি করেন তাঁরা।
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটির সভাপতি শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনটির চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কে এম রুবেল।
তিনি বলেন, দৈনিক জনবাণীর সাংবাদিক জয়নাল আবেদীনের অনুসন্ধানী প্রতিবেদনের সঙ্গে কারও দ্বিমত থাকলে সংবাদমাধ্যমে প্রতিবাদ জানানো কিংবা আদালতের আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু তাঁকে দীর্ঘ সময় আটক রেখে মামলা দেওয়ার ঘটনায় সমালোচনার সৃষ্টি হয়েছে। আইনকে পাশ কাটিয়ে কেউ যেন অন্যায়ভাবে ক্ষমতার প্রয়োগ না করেন, সে বিষয়েও সতর্ক করেন তিনি।
মানববন্ধনের প্রধান অতিথি চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরফিন বলেন, অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও গ্রেপ্তারের অবসান ঘটাতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি এবং গণমাধ্যমকর্মীরা যাতে আইনগত সুরক্ষার মধ্যে থেকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিক যেন হয়রানি বা অন্যায় চাপের মুখে না পড়েন। তাঁরা সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তির দাবি জানিয়ে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সীতাকুণ্ড থানা ঘেরাওয়ের কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক আমার সংবাদের সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি নাছির উদ্দিন শিবলু, দৈনিক গণকণ্ঠের আমজাদ হোসেন, আনন্দ টিভির ইমরান হোসেন, সাংবাদিক রমিজ, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আর কে হেলাল, অর্থ সম্পাদক হাসান তারেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং মিরসরাই উপজেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক সাকিব উদ্দিনসহ বিভিন্ন প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতারা।
এমকে/বিএম২৪









