সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন
সূত্রঃ বিডি মেইল
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় নাগরিকরা। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা নাগরিক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রয়োজনীয় নীতিমালা ও নির্ধারিত মানদণ্ড যথাযথভাবে অনুসরণ না করেই দরিদ্র ও উপকূলীয় উপজেলা শ্যামনগরে পৌরসভা প্রতিষ্ঠা করা হয়েছে। পৌরসভা চালুর পর সাধারণ মানুষের ওপর বিভিন্ন ধরনের কর ও আর্থিক চাপ বেড়েছে। তবে এর বিপরীতে সড়ক, ড্রেনেজ, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা ও অন্যান্য নাগরিক সুবিধা প্রত্যাশিত মাত্রায় পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন তারা।
বক্তারা বলেন, শ্যামনগরের আর্থসামাজিক অবস্থা ও স্থানীয় মানুষের জীবনযাত্রার বাস্তবতা বিবেচনায় নিয়ে পৌরসভার কার্যক্রম পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। জনগণের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না বাড়িয়ে কার্যকর নাগরিকসেবা নিশ্চিত করারও দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন প্রফেসর হাবিবুর রহমান, গাজী আশরাফ আলী, জাবের আলী, সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোক্তার হোসেন, ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল মজিদ, শোকর আলী মেম্বার ও সাবেক সদস্য হাবিবুর রহমান।
কর্মসূচি থেকে বক্তারা শ্যামনগর পৌরসভা বাতিল করে আগের ইউনিয়নভিত্তিক স্থানীয় সরকার ব্যবস্থা পুনর্বহাল অথবা জনগণের মতামতের ভিত্তিতে কার্যকর ও জনবান্ধব স্থানীয় সরকার ব্যবস্থা চালুর দাবি জানান।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন নাগরিকরা অংশ নেন।









