স্থগিত হলো রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর
সূত্রঃ সংগৃহীত
জেলা প্রতিনিধি
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর স্থগিত করা হয়েছে। আগামী ৩০ ও ৩১ আগস্ট দুই দিনের সফরে তার ঠাকুরগাঁও যাওয়ার কথা ছিল।
বুধবার (২৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক। তিনি জানান, অনিবার্য কারণে রাষ্ট্রপতির নির্ধারিত সফর স্থগিত করা হয়েছে। তবে আগামী এক-দুই দিনের মধ্যে নতুন সফরসূচি নির্ধারণ হতে পারে।
রাষ্ট্রপতির সফরকে সামনে রেখে ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি শুরু হয়েছিল। প্রশাসনিক ব্যবস্থা, আবাসন, যানবাহনসহ প্রয়োজনীয় বিষয়গুলোতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।
এর আগে ২৪ আগস্ট রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল শাখা থেকে জেলা প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে জানানো হয়, রাষ্ট্রপতি ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও সফর করবেন। সফর শেষে ৩১ আগস্ট তার ঢাকায় ফেরার কথা ছিল। সফরসঙ্গীদের যাতায়াত, আবাসন ও যানবাহনের ব্যবস্থাসহ প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছিল।
রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের প্রথম সফর ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। তার সফরকে কেন্দ্র করে সরকারি বিভিন্ন দপ্তরেও প্রস্তুতি চলছিল। তবে শেষ পর্যন্ত অনিবার্য কারণে সফরটি স্থগিত করা হলো।
এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করেন।
পরদিন ২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এমকে/বিএম২৪









