চট্টগ্রামে জশনে জুলুস ঘিরে যা নিষিদ্ধ করল পুলিশ

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৭:২২ পিএম
চট্টগ্রামে জশনে জুলুস ঘিরে যা নিষিদ্ধ করল পুলিশ

সূত্রঃ সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি



পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রাম নগরে জশনে জুলুসকে কেন্দ্র করে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। এর মধ্যে অস্ত্র বহন ও প্রদর্শন, কুশপুত্তলিকা বা মূর্তি প্রদর্শনসহ বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে জুলুস চলাকালে নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।


মঙ্গলবার (২৫ আগস্ট) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৬ আগস্ট) ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জশনে জুলুস ও মাহফিল অনুষ্ঠিত হবে। এসব আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন এবং জনশৃঙ্খলা বজায় রাখতে সিএমপি অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৮ ও ২৯ ধারায় অস্ত্র বহন, প্রদর্শন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।


সিএমপির নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, বুধবার সকাল ৮টায় নগরীর ষোলশহরের আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে মূল জুলুস শুরু হবে। এরপর জুলুসটি বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, দামপাড়া, লালখান বাজার ও টাইগারপাস হয়ে আবার একই পথে ফিরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার পাশে জুলুস ময়দানে গিয়ে শেষ হবে।


জুলুস চলাকালে লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভারও বন্ধ থাকবে বলে জানিয়েছে সিএমপি।


পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলুস শুরু হওয়ার পর থেকে মাহফিল শেষ না হওয়া পর্যন্ত এসব নির্দেশনা কার্যকর থাকবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



এমকে/বিএম২৪