ছাত্র-জনতা জীবন না দিলে তারেক রহমান দেশে ফিরতে পারতেন না: নাহিদ ইসলাম
সংগৃহীত
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
ছাত্র-জনতার আন্দোলনে জীবন উৎসর্গ না করলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরতে পারতেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এনসিপির শরীয়তপুর জেলা শাখা আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ, চাকরিতে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।
বক্তব্যে নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাতের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে। এখন স্বৈরাচার ও চাঁদাবাজেরা একত্র হয়ে দেশ ধ্বংসের নীলনকশা তৈরি করছে।
তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, “ছাত্র-জনতা জীবন না দিলে তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে ফিরতে পারতেন না।” সাবেক সরকারের অর্থ পাচারকারীদের জায়গায় এখন নতুন অর্থ পাচারকারীরা এসেছে বলেও অভিযোগ করেন তিনি।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে নাহিদ ইসলাম বলেন, গ্যাসসহ বিভিন্ন পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বিভিন্ন পর্যায়ে সিন্ডিকেট গড়ে ওঠায় দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়েছে। এর মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে।
তিনি আরও বলেন, বিএনপির ভেতরে থাকা চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের চিহ্নিত করে বহিষ্কার করতে হবে। তা না হলে তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে না। একই সঙ্গে প্রশাসনকে অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে জনগণের স্বার্থে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জুলাই আন্দোলনের পর বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে নির্বাচিত হলে তাঁরা আশা করেছিলেন, দলটি সমগ্র বাংলাদেশের মানুষের সরকার হয়ে উঠবে। কিন্তু সারের ডিলার নিয়োগ ও বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের সময় যোগ্যতা ও অভিজ্ঞতার চেয়ে সংসদ সদস্যদের স্বজনদের প্রাধান্য দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর মতে, বিএনপি এখনো দলীয় গণ্ডির বাইরে বের হতে পারেনি।
শরীয়তপুর জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন জেলা সদস্যসচিব সবুজ তালুকদার। এতে বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আদীব আরিফ, শ্রমিক শক্তির সদস্যসচিব ঋজু মোর্শেদ এবং দলটির কেন্দ্রীয় সদস্য ইমরান হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবশক্তির আহ্বায়ক কাউসার, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ইয়াসিনসহ নারীশক্তি ও শ্রমিকশক্তির জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও বাজার সিন্ডিকেট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব সমস্যার স্থায়ী সমাধানে প্রশাসনের নিরপেক্ষতা এবং রাজনৈতিক দলগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
এমকে/বিএম২৪









