ভূমিকম্প ও আগুন মোকাবিলায় প্রস্তুতির বার্তা, মোরেলগঞ্জে দুর্যোগ দিবস উদ্যাপন
সংগৃহীত
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে কীভাবে নিরাপদ থাকতে হয়, আগুন লাগলে প্রাথমিকভাবে কী ব্যবস্থা নিতে হবে এবং কীভাবে দ্রুত উদ্ধার তৎপরতা চালাতে হবে—এসব বিষয়ে জনসচেতনতা বাড়াতে বাগেরহাটের মোরেলগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান উল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার। এ ছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মোরেলগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস ও সিসিডিবির প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন।
মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মো. গোলাম ফারুকের নেতৃত্বে পরিচালিত মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে করণীয় তুলে ধরা হয়। এতে নিরাপদ আশ্রয় গ্রহণ, আগুন নিয়ন্ত্রণে প্রাথমিক পদক্ষেপ এবং বিপদগ্রস্ত ব্যক্তিদের দ্রুত উদ্ধারের বিভিন্ন পদ্ধতি প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রস্তুতি শুধু দুর্যোগের সময়ের জন্য নয়; বরং পরিবার থেকেই নিয়মিত সচেতনতার চর্চা গড়ে তুলতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে দুর্যোগ সহনশীল সমাজ গঠন আরও সহজ হবে।
অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করে কেয়ার (CARE), সিসিডিবি (CCDB), উত্তরণ, সুশীলন, বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP), হেলভেটাস বাংলাদেশ (HELVETAS Bangladesh) ও জেজেএস (JJS)।
এমকে/বিএম২৪








