যশোরে বাড়ির সামনে হামলার শিকার অভিনেতা সমু চৌধুরী, মাথায় ৪ সেলাই
সংগৃহীত
বিনোদন ডেস্ক
যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী (৬০)। আহত অবস্থায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে মাথায় চারটি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে অবস্থান করছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সমু চৌধুরী জানান, দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি মোটরসাইকেল গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন বলে অভিযোগ করেন তিনি। এতে তাঁর মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
তবে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন গ্যারেজের মালিক হৃদয়। তাঁর দাবি, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। তবে মা-বোনকে নিয়ে গালিগালাজ করায় হামলা করা হয়েছে বলে মুঠোফোনে জাহাঙ্গীর তাঁকে জানিয়েছেন।
এদিকে, অভিনেতার ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। জড়িতদের আটকে অভিযান চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমকে/বিএম২৪








