মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফের ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সড়কে বিক্ষোভ
সংগৃহীত
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডের (জিপিএফ) ১০ কোটি টাকার বেশি অর্থ ভুয়া ঋণ দেখিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শাস্তি ও সঞ্চিত অর্থ ফেরতের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছেন প্রায় দুই শতাধিক শিক্ষক।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে মানববন্ধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। পরে উপজেলা হিসাবরক্ষণ অফিস ও সোনালী ব্যাংকের সামনে গিয়ে প্রায় এক ঘণ্টা বিক্ষোভ করেন তাঁরা।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষকরা অভিযোগ করেন, তাঁদের নামে ভুয়া ঋণ দেখিয়ে জিপিএফের সঞ্চিত অর্থ আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত শিক্ষকদের প্রাপ্য অর্থ দ্রুত ফেরত দেওয়ার আহ্বান জানান।
শিক্ষকদের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অর্থ আত্মসাতের প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীদের অর্থ ফেরত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
পরে বিক্ষুব্ধ শিক্ষকরা মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে তাঁদের দাবিসংবলিত স্মারকলিপি জমা দেন।
কর্মসূচিতে জিপিএফের অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষতিগ্রস্ত শিক্ষকসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।
এমকে/বিএম২৪








