পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, বাদ যাচ্ছে দুই পদ
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দুয়েক দিনের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দলটির তিনজন কেন্দ্রীয় নেতা।
দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পুনর্গঠিত কমিটিতেও আহ্বায়ক পদে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব পদে আখতার হোসেন দায়িত্বে থাকছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে আসতে পারেন হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী।
বর্তমানে হাসনাত আবদুল্লাহ দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং নাসীরুদ্দীন পাটওয়ারী মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। নতুন কমিটিতে তাঁদের দায়িত্বে পরিবর্তন আসতে পারে।
এ ছাড়া দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করার বিষয়ে আলোচনা চলছে। দলের মুখপাত্রের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদেও পরিবর্তন আসতে পারে।
সারজিস আলমকে দলের সাংগঠনিক কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হতে পারে। এ কাজে তাঁকে সহযোগিতা করতে পারেন রাজনৈতিক পরিষদের সদস্য আরিফুল ইসলাম আদীব ও আলী আহসান জুনায়েদ।
কেন্দ্রীয় কমিটিতে পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এ বিষয়ে দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এমকে/বিএম২৪








