সিংগাইরে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি, খোয়া গেল ২৬ লাখ টাকার স্বর্ণালংকার
ছবি: সংগৃহীত
সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকার আজিমপুর মধ্যপাড়া মহল্লায় দিনদুপুরে ঘরের জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকা ও প্রায় ১৪ ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক ২৬ লাখ টাকা মূল্যের মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন গৃহকর্তা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ভুক্তভোগী মো. ফারুক হোসেন (৫২) সিংগাইর থানায় এ অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাসার প্রধান ফটকে তালা লাগিয়ে কর্মস্থলে যান ফারুক হোসেন ও তার স্ত্রী। দুপুর ১টার দিকে বাসায় ফিরে ঘরের পেছনের জানালার গ্রিল কাটা অবস্থায় দেখতে পান ফারুক। পরে ঘরে ঢুকে আলমারি খোলা দেখতে পেয়ে মালামাল চুরির বিষয়টি বুঝতে পারেন তিনি।
ফারুক হোসেনের অভিযোগ, চোরেরা আলমারি থেকে নগদ ৬০ হাজার টাকা, পাঁচটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের হার, দুই জোড়া স্বর্ণের কানের দুল এবং দুই জোড়া স্বর্ণের চুড়ি নিয়ে গেছে। চুরি হওয়া স্বর্ণালংকারের ওজন প্রায় ১৪ ভরি, যার আনুমানিক মূল্য ২৬ লাখ টাকা। এ ছাড়া আরও কিছু জিনিসপত্র খোয়া গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী জানান, বাসায় ফিরে চুরির বিষয়টি জানার পর আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেন। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের সম্পর্কে কোনো তথ্য পাননি তিনি।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








