হঠাৎ মেঘ বিস্ফোরণের বৃষ্টিতে খাগড়াছড়িতে বন্যা

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ০৪:৫২ পিএম
হঠাৎ মেঘ বিস্ফোরণের বৃষ্টিতে খাগড়াছড়িতে বন্যা

সূত্রঃ সংগৃহীত

বিপ্লব তালুকদার;খাগড়াছড়ি প্রতিনিধি


খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো অতি ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে টানা বৃষ্টিতে চেঙ্গী ও মাইনী নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে।


আবহাওয়া অফিস জানিয়েছে, রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় খাগড়াছড়িতে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


অতি ভারী বৃষ্টির কারণে নদ-নদীর পানি দ্রুত বেড়ে খাগড়াছড়ি শহরের কাঁচাবাজার, মুসলিমপাড়া, গরুর বাজার, শান্তিনগর ও খাগড়াছড়ি গেটসংলগ্ন এলাকাসহ বিভিন্ন নিচু অঞ্চল প্লাবিত হয়েছে। একইভাবে দীঘিনালার মেরুং, কবাখালী ও বেয়োলখালী এলাকার নিচু এলাকাও পানিতে তলিয়ে গেছে।


এদিকে দীঘিনালা-মেরুং সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানিতে ডুবে গেছে আমন ধানের ক্ষেত। বিভিন্ন এলাকায় পানি বাড়তে থাকায় অনেক ঘরবাড়িতেও পানি ঢুকে পড়েছে।


হঠাৎ ভারী বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পানিবন্দি অনেক মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য আশপাশের বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন।



এমকে/বিএম২৪