১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, তিন দিন ধরে বন্ধ থানচিগামী গণপরিবহন
ছবি: বিডি মেইল
মো. ওমর ফারুক হৃদয়, বান্দরবান সদর প্রতিনিধি
বান্দরবানের থানচিগামী বাস ও জিপ চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পরিবহন মালিকদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং গাড়িতে হামলার অভিযোগ তুলে গণপরিবহন বন্ধ রেখেছেন সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিকেরা। তবে চাঁদা দাবি ও হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে থানচির উদ্দেশে কোনো বাস বা জিপ ছেড়ে যায়নি। এতে স্টেশনে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু লারমা নেতৃত্বাধীন অংশের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগ রয়েছে।
পরিবহন মালিক সমিতির সূত্রের বরাতে জানা গেছে, থানচিগামী বাস মালিক সমিতির কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। একই অভিযোগ জিপ মালিক সমিতিরও। তাঁদের দাবি, গত বছরের তুলনায় এ বছর চাঁদার পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গাড়ি ভাঙচুর এবং চালকদের মারধর ও নির্যাতন করা হচ্ছে।
অভিযোগ অনুযায়ী, থানচির কমলাবাগান, বাগানবাড়ি, উপজেলা সদর এবং ডিম পাহাড়সংলগ্ন এলাকায় ভারী অস্ত্র নিয়ে সশস্ত্র ব্যক্তিদের চলাচল করতে দেখা যায়। এতে পরিবহন মালিক ও চালকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
পরিবহনসেবা বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা যাত্রীরাও দুর্ভোগে পড়েছেন। জরুরি প্রয়োজনে থানচিতে যাতায়াত করতে চাওয়া ব্যক্তিদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।









