দুর্গাপূজায় আবারও বাংলাদেশের ইলিশ চায় ভারত
সূত্রঃ ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবারও বাংলাদেশ থেকে ইলিশ আমদানির আগ্রহ দেখিয়েছে ভারতের ব্যবসায়ীরা। ইলিশ রপ্তানির অনুমতি চেয়ে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছে দেশটির ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগের বছরগুলোর ধারাবাহিকতায় এবারও ভারতের ব্যবসায়ী সংগঠনটি প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ে পৃথক চিঠি দিয়েছে। এতে দুর্গাপূজাকে সামনে রেখে বাংলাদেশ থেকে ইলিশ আমদানির অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
মন্ত্রণালয় সূত্র বলছে, পূজা উপলক্ষে ইলিশ রপ্তানির বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে। তবে এবার কত টন ইলিশ ভারতে পাঠানো হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এরই মধ্যে বাংলাদেশের ১৮টি প্রতিষ্ঠান ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়ে আবেদন করেছে। এসব আবেদন যাচাই-বাছাইয়ের জন্য বুধবার (৯ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।
বাণিজ্যসচিব আতাউর রহমান খান জানিয়েছেন, ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে ইলিশ রপ্তানির আবেদন পাওয়া গেছে। কী পরিমাণ ইলিশ রপ্তানি করা হবে, তা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই নির্ধারণ করা হবে।
ভারতীয় ব্যবসায়ীদের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১৯৯৬ সালের পর থেকে কয়েক বছর ধরে গড়ে বছরে প্রায় পাঁচ হাজার টন ইলিশ ভারতে রপ্তানি হতো। ২০১২ সালের পর সেই রপ্তানি বন্ধ হয়ে যায়। পরে ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে দুর্গাপূজা উপলক্ষে সীমিত সময়ের জন্য বিশেষ অনুমতির মাধ্যমে আবার ইলিশ রপ্তানি শুরু হয়।
এবার আগের তুলনায় দ্রুত ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছে ভারতীয় সংগঠনটি। সাধারণত সেপ্টেম্বরের শেষদিকে এ ধরনের অনুমতি দেওয়া হলেও এবার আগেই সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তবে অনুমোদিত পরিমাণের তুলনায় বাস্তবে ইলিশ রপ্তানি বরাবরই কম হয়েছে। ২০১৯ সালে ৫০০ টন রপ্তানির অনুমতি দেওয়া হয়। ২০২০ সালে অনুমোদন ছিল ১ হাজার ৮৫০ টন। ২০২১ সালে ৪ হাজার ৬০০ টনের অনুমতির বিপরীতে রপ্তানি হয় ১ হাজার ২০০ টন।
২০২২ সালে ২ হাজার ৯০০ টন অনুমোদন দেওয়া হলেও রপ্তানি হয় ১ হাজার ৩০০ টন। ২০২৩ সালে ৩ হাজার ৯৫০ টনের অনুমোদনের বিপরীতে ভারতে যায় ১ হাজার ৩০০ টন। ২০২৫ সালে ২ হাজার ৪২০ টন অনুমোদন দেওয়া হলেও রপ্তানি হয়েছে মাত্র ৫৭৭ টন। সর্বশেষ গত বছর ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলেও বাস্তবে ভারতে গেছে মাত্র ১৫০ টন।









