চবিতে ৬০০ নারী শিক্ষার্থীকে বিনা মূল্যে আত্মরক্ষা প্রশিক্ষণ

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম
চবিতে ৬০০ নারী শিক্ষার্থীকে বিনা মূল্যে আত্মরক্ষা প্রশিক্ষণ

সূত্রঃ সংগৃহীত

চবি প্রতিনিধি


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। এ কর্মসূচির আওতায় প্রায় ৬০০ নারী শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে।


মঙ্গলবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকসুর সহসভাপতি (ভিপি) ইব্রাহিম রনি, সাধারণ সম্পাদক (জিএস) সাহেদ বিন হাবিব, ছাত্রীকল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা এবং সহছাত্রীকল্যাণ সম্পাদক জানাতুল ফেরদৌস রিতা।


চাকসু সূত্রে জানা যায়, পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রতিটি অংশগ্রহণকারী নারী শিক্ষার্থী দুটি সেশনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রশিক্ষণে মার্শাল আর্টের মৌলিক কৌশল, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে আত্মরক্ষার পদ্ধতি এবং শারীরিক সুস্থতা বজায় রাখার প্রয়োজনীয় ব্যায়াম শেখানো হবে। প্রশিক্ষণ পরিচালনা করবেন একজন নারী প্রশিক্ষক।


চাকসুর সহছাত্রীকল্যাণ সম্পাদক জানাতুল ফেরদৌস রিতা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে ছাত্রীদের আত্মবিশ্বাস ও সাহস বাড়ানোর পাশাপাশি প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় মৌলিক দক্ষতা গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।


তিনি বলেন, প্রায় ৬০০ নারী শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনা মূল্যে এ প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। দুটি সেশন সফলভাবে সম্পন্ন করা শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে।


নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, আত্মবিশ্বাস ও আত্মরক্ষার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই চাকসুর ছাত্রীকল্যাণ বিভাগের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।



এমকে/বিএম২৪