নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক চান ট্রাম্প

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৪:২২ পিএম
নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক চান ট্রাম্প

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে আগামী নভেম্বরে বৈঠক করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হোয়াইট হাউসের কর্মকর্তাদের নির্দেশও দিয়েছেন তিনি।


মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে হোয়াইট হাউসের উচ্চপর্যায়ের সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।


আগামী নভেম্বরে চীনের শেনঝেন শহরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে যোগ দিতে ট্রাম্প চীন সফর করবেন। ওই সফরের সময়ই কিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের পরিকল্পনা করছেন তিনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


সম্ভাব্য বৈঠক নিয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট যথাযথ সময়ে কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করবেন।’


তবে বৈঠকের বিষয়ে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। দেশটির জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।


এর আগে ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে কিম জং উনের সঙ্গে তিন দফা বৈঠক করেছিলেন। ২০১৮ সালে সিঙ্গাপুরে প্রথম এবং ২০১৯ সালে ভিয়েতনামের হ্যানয়ে দ্বিতীয় বৈঠক হয়। একই বছরের জুনে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী একটি বেসামরিক এলাকায় তৃতীয়বার বৈঠক করেন দুই নেতা। ওই সময় ট্রাম্প উত্তর কোরিয়ার ভূখণ্ডে পা রাখা প্রথম মার্কিন প্রেসিডেন্ট হন।