‘পতনের দ্বারপ্রান্তে নরেন্দ্র মোদি’

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পিএম
‘পতনের দ্বারপ্রান্তে নরেন্দ্র মোদি’

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন বলে মন্তব্য করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। বিরোধী জোট ‘ইন্ডিয়া’র আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি মোদি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।


ভারতে ভোটাধিকার রক্ষা, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে চলমান বিতর্কের মধ্যে এ মন্তব্য করেন বেণুগোপাল।


তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আড়াল করার চেষ্টা করছেন। তবে এসব পদক্ষেপের মাধ্যমে সরকার শেষ পর্যন্ত নিজেদের রক্ষা করতে পারবে না বলে দাবি করেন তিনি।


বেণুগোপালের অভিযোগ, বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ আন্দোলনকে ভয় পাচ্ছে মোদি সরকার। এ কারণে দিল্লি ও মুম্বাইসহ বিভিন্ন স্থানে কঠোর নিরাপত্তাব্যবস্থা, মেট্রো স্টেশন বন্ধ রাখা এবং আন্দোলনকারীদের আটকের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে।


ভোটার তালিকা সংশোধনপ্রক্রিয়া ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিরোধীদের অসন্তোষের মধ্যেই রাজনৈতিক উত্তেজনা বাড়ছে ভারতে। বিরোধী জোট ‘ইন্ডিয়া’ নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষার দাবিতে আগামী সোমবার দিল্লিতে বড় সমাবেশের ডাক দিয়েছে।


এর আগে বিরোধী জোটের নেতারা ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের উদ্বেগের কথা জানিয়েছেন। আগামী সোমবার প্রধান বিচারপতির সঙ্গেও জোটের শীর্ষ নেতাদের সাক্ষাতের কর্মসূচি রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


বেণুগোপাল বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং নির্বাচনব্যবস্থায় সংস্কার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিরোধী দলগুলোর আন্দোলন অব্যাহত থাকবে।


সূত্র: রেডিফ