হরমুজকে মার্কিন ভূখণ্ড দাবি, মানচিত্র প্রকাশ ট্রাম্পের
সূত্রঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দাবি করে একটি মানচিত্র প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি ওই মানচিত্রের ছবি শেয়ার করেন।
এর আগে ১৫ আগস্ট নিউইয়র্কে রিপাবলিকান পার্টির এক সমাবেশে ট্রাম্প বলেছিলেন, ইরানকে পরাজিত করার পর তিনি হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন।
পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি বাণিজ্যপথ। বিশ্বে পরিবাহিত মোট জ্বালানি পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে যায়। এর এক পাশে ইরান এবং অন্য পাশে ওমান।
ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে ইরানের কোনো নিয়ন্ত্রণ নেই এবং মার্কিন নৌবাহিনী জলপথটি মাইনমুক্ত করছে। এর আগে ইরান হরমুজে অবরোধ জারি করেছিল এবং পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রও ইরানের সমুদ্রবন্দরগুলোতে অবরোধ ঘোষণা করেছিল।
পরে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা হলেও ১৩ জুলাই ইরান সেই চুক্তি থেকে বেরিয়ে গিয়ে হরমুজে আবারও অবরোধ জারি করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: এএফপি, এনডিটিভি
এমকে/বিএম২৪









