প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০৬:৩৩ পিএম
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


আগামী ২৩ থেকে ২৫ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলেও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব সালেহ শিবলী।


শুক্রবার (২১ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।


২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর থেকেই ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছে। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের কাছে একাধিকবার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। নয়াদিল্লি জানিয়েছে, বিষয়টি তারা পর্যালোচনা করছে।


চলতি বছরের ফেব্রুয়ারিতে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।


সালেহ শিবলী জানান, শেখ হাসিনাসহ ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।


এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল সম্ভাব্য সফর নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।


প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তারেক রহমানের সরকার ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে আসছে। তবে সম্প্রতি ঢাকার পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য আরও অনুকূল কূটনৈতিক পরিবেশ প্রয়োজন।


বিশেষ করে শেখ হাসিনা দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর দুই দেশের সম্পর্ক নতুন করে জটিল হয়ে ওঠে। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের সময়সূচি ও আয়োজন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।



এমকে/বিএম২৪