শান্তিপূর্ণ পরিবেশে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিচ্ছে ১৫৩৪ শিক্ষার্থী

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পিএম
শান্তিপূর্ণ পরিবেশে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিচ্ছে ১৫৩৪ শিক্ষার্থী

সউদ আব্দুল্লাহ, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

সারা দেশের সঙ্গে একযোগে জয়পুরহাটের কালাই উপজেলায় শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। প্রথম দিনেই উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১ হাজার ৫৩৪ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার চারটি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৮৬৩ জন ছাত্র এবং ৬৭১ জন ছাত্রী। তবে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন মোট ৩০ জন পরীক্ষার্থী, যার মধ্যে ছাত্র ১৫ জন এবং ছাত্রী ১৫ জন। পরীক্ষা কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, প্রতিটি কেন্দ্রে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রেখে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করে। কেন্দ্রের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

কালাই উপজেলা একাডেমিক সুপারভাইজার তাজমিনুল৷ ইসলাম বলেন, প্রশ্নপত্র বিতরণ থেকে শুরু করে পরীক্ষা গ্রহণ পর্যন্ত প্রতিটি ধাপে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। পরীক্ষার পরিবেশ সুন্দর রাখতে শিক্ষক, প্রশাসন ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। শিক্ষার্থীরাও বেশ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে,যা একটি ইতিবাচক দিক।

এ বিষয়ে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা জানান, প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা জারি রয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখন পর্যন্ত কোথাও কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।তিনি আরও জানান,পরীক্ষা নির্বিঘ্ন করতে পুলিশ,আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর দায়িত্ব পালন করছেন।পাশাপাশি উপজেলা প্রশাসন,মাধ্যমিক শিক্ষা অফিস এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করছেন।দারকি করছেন।