কুড়িগ্রামে তামাকবিরোধী ও রাত ৮টায় দোকান বন্ধে যৌথ অভিযান, জরিমানা ৩ জনকে
সূত্রঃ সংগৃহীত
শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি
জনস্বাস্থ্য সুরক্ষা, প্রকাশ্য স্থানে তামাকজাত দ্রব্যের ব্যবহার ও বিক্রি নিয়ন্ত্রণ এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে কুড়িগ্রামে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে বুধবার (৯ সেপ্টেম্বর) কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে আইন লঙ্ঘনের দায়ে তিনজনকে জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসন, কুড়িগ্রামের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এ সময় প্রকাশ্য স্থানে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার থেকে বিরত থাকতে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
এদিকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১৯ আগস্ট ২০২৬ তারিখের পরিপত্র অনুযায়ী রাত ৮টার মধ্যে নির্ধারিত প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা বাস্তবায়নেও কুড়িগ্রাম শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।
জেলা প্রশাসন ও নেসকো, কুড়িগ্রামের যৌথ উদ্যোগে পরিচালিত এসব অভিযানে ব্যবসায়ী ও প্রতিষ্ঠান মালিকদের সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য সতর্ক করা হচ্ছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান ছাড়া শপিংমল, মেলা, আলোকসজ্জাসহ সংশ্লিষ্ট কার্যক্রম রাত ৮টার মধ্যে বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের পুনরায় অনুরোধ জানানো হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, বিদ্যুৎ সাশ্রয় এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে আইন ও সরকারি নির্দেশনা মেনে চলতে ব্যবসায়ীসহ সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এমকে/বিএম২৪









