আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পিএম
আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ

সংগৃহীত

 ফাহমিদা হৃদী, সাভার-ধামরাই প্রতিনিধি


ঢাকার আশুলিয়ায় ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলহাজ মো. ইসরাফিল হোসেনকে সমর্থন করায় শাজাহান নামে এক পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়ার স্বজনদের বিরুদ্ধে।


রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ার ভাদাইল মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।


অভিযুক্তরা হলেন—ভাদাইল এলাকার খোরশেদ মুন্সির ছেলে শরিফ ও আরিফ, সুরুজের ছেলে হিরন এবং চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়ার মামা কুরবান আলী।


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ভাদাইল গ্রামের কফিল উদ্দিন কফুর ছেলে পোশাক শ্রমিক শাজাহান রাতে স্থানীয় একটি দোকানে বসে খাবার খাচ্ছিলেন। এ সময় শরিফ, আরিফ, হিরন ও কুরবান আলী সেখানে গিয়ে তাকে মারধর করেন বলে অভিযোগ।


অভিযোগ রয়েছে, মারধরের সময় শাজাহানকে ইসরাফিল হোসেনের নির্বাচনে সমর্থন করার বিষয়টি উল্লেখ করে হুমকি ও কটূক্তি করা হয়। একপর্যায়ে মারধরে শাজাহান আহত ও রক্তাক্ত হন।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।


ঘটনার প্রত্যক্ষদর্শী দীন মোহাম্মদ বলেন, কয়েকজনকে শাজাহানকে মারধর করতে দেখে তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।


স্থানীয় বাসিন্দা আলমগীর বলেন, নির্বাচনকে কেন্দ্র করে এমন ঘটনায় তারা উদ্বিগ্ন। নির্বাচনের আগেই সমর্থকের ওপর হামলার অভিযোগ ওঠায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।


চেয়ারম্যান প্রার্থী মো. ইসরাফিল হোসেন বলেন, শাজাহান তার সমর্থক এবং মাঝেমধ্যে তার নির্বাচনী কার্যালয়ে আসেন। নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর স্বজনদের বিরুদ্ধে তার এক সমর্থককে মারধরের অভিযোগ ওঠায় নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি শঙ্কিত।


তবে অভিযোগের বিষয়ে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়া ও অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।


ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। নির্বাচনের আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে সব প্রার্থী ও তাদের সমর্থকদের শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।


এমকে/বিডিমেইল২৪