ড. ইউনূসের চেয়ে ‘হাজারগুণ ভালো’ দেশ চালাচ্ছেন তারেক রহমান: কাদের সিদ্দিকী
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংকটের পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতিও দেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তবে এসব প্রতিকূলতার মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমান অধ্যাপক ড. ইউনূসের তুলনায় ‘হাজারগুণ ভালোভাবে’ দেশ পরিচালনা করছেন বলে দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে কৃষক শ্রমিক জনতা লীগের কিশোরগঞ্জ জেলা সভাপতি প্রয়াত আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, দেশের অভ্যন্তরীণ নানা সংকটের পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতিও অত্যন্ত জটিল। তবুও তারেক রহমানের নেতৃত্বে সরকার ড. ইউনূসের সময়ের তুলনায় অনেক ভালোভাবে দেশ পরিচালনা করছে বলে তিনি মনে করেন। তবে বর্তমান পরিস্থিতিকে আদর্শ বলা যায় না উল্লেখ করে তিনি বলেন, মানুষের নিরাপত্তা আরও জোরদার করতে হবে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও কমানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বর্তমান সরকারের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, এখনই সরকারকে সরাসরি বিরোধিতা করার প্রয়োজন দেখছেন না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়াই যুক্তিযুক্ত বলে তিনি মনে করেন।
শেখ হাসিনার সাম্প্রতিক বিভিন্ন কর্মসূচির সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, এসব কর্মসূচির কারণে অনেক নেতাকর্মী অপ্রয়োজনীয় ভোগান্তির শিকার হচ্ছেন। একটি ঘোষণার পর বহু নিরীহ মানুষ গ্রেপ্তার হয়ে কারাগারে যাচ্ছেন বলেও তিনি দাবি করেন, যা উদ্বেগজনক।
পরে তিনি প্রয়াত আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪









