এমপিওভুক্তির দাবিতে আজ মাঠে নন-এমপিও শিক্ষকরা

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০৯:২০ এএম
এমপিওভুক্তির দাবিতে আজ মাঠে নন-এমপিও শিক্ষকরা

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার দাবিতে রাজধানীতে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করবেন শিক্ষক-কর্মচারীরা। আজ সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।


বাংলাদেশ নন-এমপিও (বেতন-বিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) সংগঠনের পক্ষ থেকে করা আবেদনের পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।


ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপারেশনস) মো. মাহবুব হোসেন কামালের সই করা অনুমতিপত্রে নির্ধারিত সময় ও স্থানে শান্তিপূর্ণভাবে অবস্থান ও মানববন্ধন পালনের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মসূচি ঘিরে পুলিশ মোট ২১টি শর্ত দিয়েছে।


শর্ত অনুযায়ী, অনুমোদিত স্থানের বাইরে কর্মসূচি পালন করা যাবে না এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা শেষ করতে হবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বক্তব্য বা প্রচার, উসকানিমূলক বক্তব্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে—এমন কোনো কর্মকাণ্ড থেকেও বিরত থাকতে হবে।


এ ছাড়া কর্মসূচিতে মাদকদ্রব্য ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয় এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না এবং পুলিশের নির্দেশনা মেনে চলতে হবে। মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের যানবাহন পার্কিংয়ের ব্যবস্থাও সংগঠনকে নিজস্ব উদ্যোগে করতে বলা হয়েছে।


অনুমতিপত্রে আরও বলা হয়েছে, কর্মসূচির কারণে জনসাধারণের চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। অনুমোদিত স্থানের বাইরে কাউকে মানববন্ধনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যাবে না। কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এর দায় নিতে হবে।


আজকের কর্মসূচি সম্পর্কে নন-এমপিও শিক্ষক-কর্মচারী পরিষদের সদস্যসচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, বছরের পর বছর নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে আসছেন। তাদের একমাত্র দাবি, যোগ্য নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা।


তিনি বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন।




এমকে/বিএম২৪