অটোরিকশামুক্ত মহাসড়কে স্বস্তি, ধর্মঘটে সাভারে কমেছে যানজট

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পিএম
অটোরিকশামুক্ত মহাসড়কে স্বস্তি, ধর্মঘটে সাভারে কমেছে যানজট

ছবি: বিডি মেইল

ফাহমিদা হৃদী, স্টাফ রিপোর্টার


অটোরিকশাচালকদের হঠাৎ ধর্মঘটে সাভারের বিভিন্ন সড়ক ও মহাসড়কে চলাচলে কিছুটা ভোগান্তি হলেও অটোরিকশার চাপ কমে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ পথচারী ও এলাকাবাসী। বুধবার (১৪ অক্টোবর) সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তুলনামূলক স্বাভাবিক যান চলাচল দেখা গেছে।


দীর্ঘদিন ধরে সাভারের মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল, যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠানামা এবং ট্রাফিক আইন না মানার কারণে যানজট ও ভোগান্তির অভিযোগ করে আসছেন স্থানীয়রা। ধর্মঘটের কারণে সড়কে অটোরিকশার উপস্থিতি কমে যাওয়ায় যানজটও তুলনামূলক কমেছে বলে জানান পথচারীরা।


বিশেষ করে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী ও জরুরি কাজে বের হওয়া ব্যক্তিরা সড়কে তুলনামূলক স্বাভাবিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।


এক পথচারী বলেন, প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচলের সময় যানজটে অনেক সময় নষ্ট হয়। অটোরিকশা কম থাকায় আজ তুলনামূলক স্বস্তিতে চলাচল করতে পারছি। মহাসড়কে শৃঙ্খলা বজায় থাকুক, এটাই আমাদের প্রত্যাশা।


আরেক পথচারী বলেন, যানজটের কারণে শিক্ষার্থী ও চাকরিজীবীসহ সবাইকে প্রতিদিন ভোগান্তিতে পড়তে হয়। সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা গেলে মানুষের সময় বাঁচবে এবং দুর্ঘটনার ঝুঁকিও কমবে।


এলাকাবাসীর দাবি, শুধু ধর্মঘটের সময় নয়, স্থায়ীভাবে সাভারের মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে অননুমোদিত যানবাহন নিয়ন্ত্রণ, নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানান তাঁরা।


সচেতন মহলের মতে, অটোরিকশাচালকদের জীবিকা ও সাধারণ মানুষের যাতায়াতের বিষয়টি বিবেচনায় রেখে একটি পরিকল্পিত পরিবহনব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। নির্ধারিত রুট, বিকল্প সড়ক ও সুশৃঙ্খল গণপরিবহনব্যবস্থা নিশ্চিত করা গেলে সাভারের দীর্ঘদিনের যানজট অনেকটাই কমানো সম্ভব।


সাভারবাসীর প্রত্যাশা, ধর্মঘটের কারণে সৃষ্ট সাময়িক স্বস্তিকে শিক্ষা হিসেবে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ নেবে।