নবায়নযোগ্য জ্বালানিতে এগিয়ে যবিপ্রবি, চাহিদার এক-তৃতীয়াংশ বিদ্যুৎ সৌরশক্তিতে

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০২ পিএম
নবায়নযোগ্য জ্বালানিতে এগিয়ে যবিপ্রবি, চাহিদার এক-তৃতীয়াংশ বিদ্যুৎ সৌরশক্তিতে

ছবি: বিডি মেইল

যবিপ্রবি প্রতিনিধি


নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন ভবনের ছাদে স্থাপন করা হয়েছে সৌর প্যানেল। এসব প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চাহিদার প্রায় এক-তৃতীয়াংশ পূরণ হচ্ছে। বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগের অভিজ্ঞতা ও নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা তুলে ধরেছেন আইপিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন।


বুধবার (১৪ অক্টোবর) যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের ‘অমিত্রাক্ষর’ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যশোর জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), যশোর যৌথভাবে সভাটির আয়োজন করে।


আলোচনায় ড. সাখাওয়াত হোসেন মান নির্ধারণের ইতিহাসের পাশাপাশি বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের সম্ভাবনা তুলে ধরেন। তিনি নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব, পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। তাঁর মতে, বিদ্যুৎ সাশ্রয়, জ্বালানির দক্ষ ব্যবহার এবং পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসারে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারে।


যবিপ্রবির সৌরবিদ্যুৎ প্রকল্পের তথ্য তুলে ধরে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের ছাদে প্রায় ৬৩ হাজার বর্গফুট এলাকাজুড়ে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। এ প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চাহিদার প্রায় এক-তৃতীয়াংশ পূরণ করছে। পাশাপাশি নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।


যবিপ্রবির এ উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের একটি বাস্তব উদাহরণ। এ ধরনের প্রকল্পের মাধ্যমে প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার ও পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসারের সুযোগ তৈরি হতে পারে।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন এবং দি যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মিজানুর রহমান খান। সভায় সভাপতিত্ব করেন বিএসটিআই যশোরের উপপরিচালক (সিএম) প্রকৌশলী মো. আসলাম শেখ।