উজিরপুরের গুঠিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি সান্টু
ছবি: সংগৃহীত
ফারদিন নিয়াজ, উজিরপুর প্রতিনিধি
বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার গুঠিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চাঙ্গুরিয়া খানবাড়ি এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুবেল হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ফয়জুল হক সুমন, উজিরপুর পৌর মহিলা দলের সভাপতি মোসা. মাকসুদা আক্তার শিল্পী এবং গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেন।
এ ছাড়া উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নাসির উদ্দীন শরীফ, সাধারণ সম্পাদক সরদার সোহেল, সহসভাপতি মোস্তফা জামান সুমন বালী, যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ সুমন, মেহেদী হাসান ভূঁইয়াসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, “আজকের দিনটি আমাদের এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য একটি ঐতিহাসিক দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি নাগরিকের মুখে হাসি ফোটানোর যে অঙ্গীকার করেছেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম তারই একটি বাস্তব প্রতিফলন।”
তিনি বলেন, বিশ্বজুড়ে অর্থনৈতিক চ্যালেঞ্জ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির এ সময়ে সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে সরকার ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছে।
এমপি সান্টু আরও বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের স্বজনপ্রীতি বা অনিয়ম সহ্য করা হবে না। প্রকৃতপক্ষে যারা এ সহায়তা পাওয়ার যোগ্য, এলাকার অসহায় ও মধ্যবিত্ত পরিবারগুলোর কাছে এ সুবিধা পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে। এটি মানুষের অধিকার, কোনো দয়া নয়। একটি পরিবারও যেন তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কেউ টাকা দাবি করলে বা অর্থ নিলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সরকারের এ জনকল্যাণমূলক উদ্যোগ সফল করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।








