উখিয়া আশ্রয়শিবিরে তিন গোষ্ঠীর গোলাগুলি, গুলিবিদ্ধ মা-ছেলে
সংগৃহীত
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে তিনটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনায় মা ও তাঁর সাত বছরের ছেলে গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে।
গুলিবিদ্ধরা হলেন বালুখালী আশ্রয়শিবিরের (ক্যাম্প-৮ ইস্ট) বি-৪১ ব্লকের বাসিন্দা নুর আলমের স্ত্রী তাহেরা বেগম ও তাঁর সাত বছর বয়সী ছেলে মোহাম্মদ ইউসুফ। তারা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্যাম্প-৮ ইস্টের বি-৪০ ও বি-৪১ ব্লক এলাকায় আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ), আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এবং আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্যদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের পরও কিছু সময় পরপর গুলির শব্দ শোনা যায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্রের দাবি, এআরএ ও আরসার সদস্যরা একজোট হয়ে আরএসও সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শুক্রবার (২৮ আগস্ট) ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ গোলাগুলি ও মা-ছেলের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বর্তমানে আশ্রয়শিবিরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গোলাগুলিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে।
এমকে/বিএম২৪









