খুলনায় চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২
সংগৃহীত
মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খালিশপুর থানা পুলিশের অভিযানে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চুরির মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে খালিশপুর থানার একটি চুরি মামলার প্রধান আসামি আকবর হোসেন মুন্নাকে (২৬) বটিয়াঘাটা থানার শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বাগেরহাটের রামপাল উপজেলার আলিপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। বর্তমানে তিনি খুলনার বটিয়াঘাটা থানার দারোগাভিটা এলাকায় বসবাস করতেন।
গ্রেপ্তার আকবরের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ৮টা ৫০ মিনিটে বাগেরহাট সদর থানা এলাকার নিজ বাসা থেকে রাব্বি (২০) নামের আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য এবং আকবরের দেখানো ও শনাক্তের ভিত্তিতে বাগেরহাটের ফকিরহাট থানা এলাকায় পলাতক আসামি তারিকুল ইসলাম চঞ্চলের (৩০) বাড়ি থেকে চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলো হলো—বাজাজ পালসার ১৫০ সিসি, নীল রঙের সুজুকি জিক্সার, লাল রঙের হোন্ডা লিভো এবং নীল রঙের এফজেড ভার্সন-৪।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আকবর হোসেন মুন্নার বিরুদ্ধে একাধিক চুরির মামলার তথ্য পাওয়া গেছে।
এমকে/বিএম২৪









