খুলনায় ফের গুলির ঘটনা, যুবক আহত
ফাইল ছবি
খুলনা প্রতিনিধি
খুলনা নগরীতে আবারও গুলির ঘটনা ঘটেছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে নগরীর কাশেম নগর সড়কে আসাদুজ্জামান জনি (২৭) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আসাদুজ্জামান জনির বাড়ি নগরীর ৩ নম্বর কাশেম নগর সড়কের তিন রাস্তার মোড়ে। তিনি মাঝেমধ্যে এলাকায় থাকলেও বেশির ভাগ সময় এলাকার বাইরে অবস্থান করেন।
শনিবার বিকেল ৪টার দিকে একটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর শরীরের পেছনের নিচের অংশে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর জনির পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিজানুর রহমান বলেন, গুলির ঘটনার খবর তাঁরা পেয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।









