চবির শিক্ষার্থীদের মুখোমুখি উপাচার্য, জানালেন ‘বড়’ পরিকল্পনা
সূত্রঃ সংগৃহীত
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে ‘মিট দ্য ভাইস-চ্যান্সেলর’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, পরামর্শ ও প্রত্যাশার কথা শোনেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনের (দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদ) পরীক্ষার হল কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আধুনিক, মানসম্মত ও আন্তর্জাতিক পর্যায়ের বিশ্ববিদ্যালয়ে পরিণত করাই নতুন প্রশাসনের মূল লক্ষ্য। শিক্ষার পরিবেশ উন্নয়ন, সময়মতো পরীক্ষা গ্রহণ, আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম কার্যকর করা, গবেষণায় শিক্ষক-শিক্ষার্থীদের উৎসাহিত করা, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং উন্নয়নে প্রশাসন কাজ করছে।
তিনি বলেন, “বৃহস্পতিবার থেকে অনলাইন সনদ পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আরেকটি মাইলফলক।”
শিক্ষার্থীদের সুবিধার জন্য পরিবহন, আবাসন, দ্রুতগতির ইন্টারনেট, অনলাইন সনদ ও হলের আসন ব্যবস্থাপনাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেবা ডিজিটাল করার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানান উপাচার্য। পুরো বিশ্ববিদ্যালয়কে অটোমেশনের আওতায় আনার কাজও এগিয়ে চলছে। পাশাপাশি টিএসসি নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে এবং নতুন আবাসিক হল নির্মাণের প্রক্রিয়াও এগিয়েছে।
উপাচার্য বলেন, “আমরা চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুধু কথায় নয়, বাস্তব কাজের মাধ্যমে এগিয়ে যাক। তবে এই বিশ্ববিদ্যালয় শুধু প্রশাসনের নয়, এটি তোমাদেরও। তাই বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে তোমাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।”
সভায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, আবাসন, পরিবহন, ইন্টারনেট, হলের আসন ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ দেন। তাঁরা তাঁদের নানা সমস্যার কথাও তুলে ধরেন। উপাচার্য ও উপ-উপাচার্য শিক্ষার্থীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে চবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪








