স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে স্থানীয়ভাবে বিএনপি-সমর্থিত নির্দিষ্ট প্রার্থী থাকবে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত আইন সংশোধনের কাজ চলছে। সংশোধিত আইনে আগের মতো রাজনৈতিক দল থেকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ থাকবে না। একই সঙ্গে ধানের শীষের মতো জাতীয় রাজনৈতিক প্রতীক ব্যবহারেরও সুযোগ থাকবে না। নির্বাচন হবে দলনিরপেক্ষভাবে এবং সাধারণ প্রতীকে।
তবে বিএনপি-সমর্থিত প্রার্থী থাকার বিষয়ে তিনি বলেন, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী মহলের সিদ্ধান্ত অনুযায়ী, উপজেলা বিএনপি প্রতিটি ইউনিয়নে একজন করে সমর্থিত প্রার্থী রাখার চেষ্টা করবে। এ জন্য স্থানীয় বিএনপি সংবাদ সম্মেলন বা কর্মিসভার মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়নে দলের সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করতে পারবে।
প্রতিমন্ত্রী বলেন, এটি দলীয় প্রার্থী বা দলীয় মনোনয়ন নয়; বরং দলীয় সমর্থন। মাঠপর্যায়ে দলকে সুসংগঠিত রাখা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রতিটি ইউনিয়নে সর্বোচ্চ একজন প্রার্থী রাখার চেষ্টা করা হবে।
কোনো ইউনিয়নে একাধিক যোগ্য প্রার্থী থাকলে স্থানীয় বিএনপি আলোচনার মাধ্যমে সমঝোতার চেষ্টা করবে বলেও জানান তিনি। একজনকে চেয়ারম্যান পদে নির্বাচনের সুযোগ দিয়ে অন্যজনকে দলের কর্মকাণ্ডে যুক্ত রাখার উদ্যোগ নেওয়া হবে।
এরপরও কোনো ইউনিয়নে একাধিক প্রার্থী থেকে গেলে এবং কেউ দলের সিদ্ধান্ত অমান্য করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানান মীর শাহে আলম। এ ক্ষেত্রে বগুড়া জেলা বিএনপি ও উপজেলা বিএনপি যৌথভাবে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত দিতে পারবে।
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪









