ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর-বিস্কুট তৈরির অভিযোগ
সূত্রঃ সংগৃহীত
মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ইশিবপুর এলাকায় ‘হীরা ফুড প্রোডাক্টস’ নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর ও বিস্কুট উৎপাদনের অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় অনুমোদন না থাকারও অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে ‘স্পেশাল পদ্মা চানাচুর’ তৈরি করা হচ্ছে। এ সময় চানাচুর তৈরির ময়দায় রং মেশাতে দেখা যায়। একটি কৌটায় রাখা রং ব্যবহার করে ময়দা মাখানো হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া কারখানার শ্রমিকদের শরীর থেকে ঘাম ঝরলেও তারা হাত না ধুয়ে ময়দা নিয়ে মেশিনে দিচ্ছেন বলে দেখা যায়। ময়দা মাখানোর মেশিনের ভেতরেও মশা-মাছির উপস্থিতি দেখা গেছে। এতে উৎপাদিত খাদ্যপণ্যের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
কারখানার ভেতরেই আরও একটি বেকারি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। সেখানে টোস্ট বিস্কুটসহ বিভিন্ন ধরনের বিস্কুট তৈরি করা হচ্ছে বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, এসব খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের জন্য প্রয়োজনীয় অনুমোদনপত্রও প্রতিষ্ঠানটির নেই।
স্থানীয়দের অভিযোগ, এনামুল নামে এক ব্যক্তি প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। তাদের দাবি, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব খাদ্যপণ্য খেয়ে সাধারণ মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। তাই দ্রুত অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজনীয় অনুমোদন না থাকলে কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে বিএসটিআই ফরিদপুরের উপপরিচালক ও অফিস প্রধান মো. কামাল বলেন, ‘হীরা ফুড প্রোডাক্টস’ প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের কাছ থেকে একাধিকবার সময় নিয়েছিল। প্রতিষ্ঠানটির মালিক এনামুল ঈদের আগেই প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি বিএসটিআইয়ের সঙ্গে আর যোগাযোগ করেননি।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এমকে/বিএম২৪








