শরীয়তপুরে পাঁচ দিনের ব্যবধানে প্রকাশ্যে ছাত্রলীগের মিছিল
সূত্রঃ সংগৃহীত
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুরে পাঁচ দিনের ব্যবধানে আবারও বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও কারাবন্দীদের মুক্তির দাবিতে আয়োজিত এ মিছিলে শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ডগ্রি এলাকায় জেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে গত রোববার (৬ সেপ্টেম্বর) সকালে একই মহাসড়কের কোটাপাড়া ও বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি।
বিক্ষোভ মিছিলের ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারের নেতৃত্বে শতাধিক ব্যক্তি শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে মিছিল করছেন। দুপুরের সময়ে ওই সড়কে ভ্যান, মোটরসাইকেল ও বাস চলাচল করতেও দেখা যায়।
এ সময় বিক্ষোভকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘শরীয়তপুর জেলা ছাত্রলীগ’, ‘নেতা মোদের শেখ মুজিব’, ‘শরীয়তপুর জেলা যুবলীগ’, ‘আমাদের ধমনীতে মুজিবের রক্ত’, ‘আইতাছে রে আইতাছে’ ও ‘শেখের বেটি আইতাছে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মিছিলের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে প্রথমে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমের সঙ্গে কথা হয়। তিনি বলেন, পালং থানা এলাকায় ছাত্রলীগের কোনো মিছিল অনুষ্ঠিত হয়নি। কারণ, পুলিশের সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছিলেন।
পরে তাকে মিছিলের ভিডিও দেখানো হলে তিনি জানান, মিছিলের স্থান নড়িয়া থানার আওতাধীন ডগ্রি এলাকায়।
এ ব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘এ ব্যাপারে আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’
এমকে/বিএম২৪








