মসলিন কটন মিল শ্রমিকদের পাওনা পরিশোধে মন্ত্রীর সঙ্গে নেতাদের সাক্ষাৎ
সূত্রঃ সংগৃহীত
জেলা প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জের ঐতিহ্যবাহী মসলিন কটন মিলের শ্রমিকদের দীর্ঘদিনের বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য পাওনা পরিশোধের বিষয়ে বস্ত্র ও পাটমন্ত্রী মো. শরিফুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
সম্প্রতি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে মসলিন কটন মিল শ্রমিকদের দীর্ঘদিনের বকেয়া ও অন্যান্য পাওনা দ্রুত পরিশোধের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে শ্রমিকদের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
গণফোরাম ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, সাক্ষাতে মসলিন কটন মিলের শ্রমিকদের দীর্ঘদিনের পাওনা-সংক্রান্ত বিষয় নিয়ে মন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। শ্রমিকদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধের প্রয়োজনীয়তার বিষয়টি মন্ত্রীর কাছে তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির নেতা মো. দেলোয়ার হোসেন, গণফোরাম ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, গণফোরাম খিলক্ষেত থানার সভাপতি মো. সোহেল মিয়া, গণফোরাম গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ও মসলিন কটন মিল শ্রমিক সংগ্রাম পরিষদের সভাপতি মো. রোমান সরকারসহ সংগঠনটির নেতৃবৃন্দ।
আলোচনায় শ্রমিক নেতারা বলেন, মসলিন কটন মিলের শ্রমিকরা দীর্ঘদিন ধরে বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য পাওনা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধের মাধ্যমে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
সংশ্লিষ্টরা জানান, মন্ত্রী মো. শরিফুল আলম শ্রমিকদের পাওনা-সংক্রান্ত বিষয়টি গুরুত্বের সঙ্গে শোনেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
এমকে/বিডিমেইল২৪








