জাবিতে ছাত্রশিবিরের ‘জুলাই আপরাইজিং রান-২০২৬’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৩:০৯ পিএম
জাবিতে ছাত্রশিবিরের ‘জুলাই আপরাইজিং রান-২০২৬’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত

সূত্রঃ ছবি: বিডিমেইল

জাবি প্রতিনিধি


জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে ধারণ করে ‘জুলাই মোদের ধমনীতে টগবগ করবে আমৃত্যু’ স্লোগান এবং ‘রান অ্যাগেইনস্ট ফ্যাসিজম’ প্রতিপাদ্য নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘জুলাই আপরাইজিং রান-২০২৬’ শীর্ষক মিনি ম্যারাথনের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাবি শাখা।


সোমবার (৩ আগস্ট) সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ম্যারাথনের উদ্বোধন করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।


আয়োজকরা জানান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রায় দেড় হাজার রানার এ কর্মসূচিতে অংশ নেন। নিবন্ধিত অংশগ্রহণকারীদের ইভেন্ট টি-শার্ট, রানিং কিট, জাতীয় পতাকা এবং ম্যারাথন শেষে সকালের নাশতা দেওয়া হয়।


উদ্বোধনী বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পরও কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়িত হয়নি। তাঁর দাবি, ক্ষমতার পরিবর্তন হলেও বিচার বিভাগ, প্রশাসন ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, তা না হলে তরুণ সমাজ আবারও আন্দোলনে নামবে।


জাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ এবং ফ্যাসিবাদবিরোধী চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এ আয়োজন করা হয়েছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ চেতনা ধরে রাখা হবে বলেও তিনি জানান।


ম্যারাথনের রুট ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জীববিজ্ঞান অনুষদ, মীর মশাররফ হোসেন হল, ক্যাফেটেরিয়া, বিভিন্ন ছাত্রী হল ও চৌরঙ্গী ঘুরে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।